প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, বিএনপি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় কীভাবে?
আজ শুক্রবার রাষ্ট্রপতি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মনোনয়নপত্র দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন নূরুল হুদা।
সিইসি বলেন, ‘বিএনপি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, না, কখনও না। এটি আগেও বলেছি, এখনও বলছি।’তিনি বলেন, ‘আমরা আশা করি সবাই নির্বাচনে আসবে। নির্বাচনী পরিবেশ ভালো হবে। নির্বাচনে সব দল একই সুযোগ পাবে।’
তিনি আশা প্রকাশ করেন, বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে। আমরা এখনও আশা করি, বিএনপিসহ সব দল সংসদ নির্বাচনে অংশ নেবে।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আবদুল হামিদ। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।