(শুক্রবার) দেশের প্রাচীনতম দীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। এসময় তিনি আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি হাটহাজারী মাদরাসা পরিদর্শনে এসেছেন। তিনি বিকেল ৪:১৫ সময় হাটহাজারী মাদরাসায় পৌঁছেন। মাদরাসার পক্ষ থেকে মুফতি জসীমুদ্দীন ও মাওলানা আনাস মাদানী তাঁকে অভ্যর্থনা জানান।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা আহমদ শফীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তিনি আমীরে হেফাজতের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নেন।
আলাপকালে আল্লামা আহমদ শফী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কওমী মাদরাসার মুল্যায়নে দাওরা হাদীসের সনদের মান ঘোষণা করায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার নিকট আমার আবেদন হলো আগামী সংসদ অধিবেশনে কওমী মাদরাসার সনদের স্বীকৃতির বিষয়টি উত্থাপন করে আইন হিসেবে পাশ করা হোক। এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি তা বাস্তবায়নে যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখবো।
আমীরে হেফাজত মন্ত্রী মহোদয়কে সম্বোধন করে আরো বলেন, আপনি যে বলেছেন কওমী মাদরাসায় কোন জঙ্গী নেই, তা অত্যন্ত বাস্তবসম্মত কথা। মূলত যারা আমাদেরকে জঙ্গী বলে তারাই জঙ্গী।
আমীরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী মহোদয় জামিয়ার দারুল হাদীস পরিদর্শন শেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গনমাধ্যমকে বলেন, এই মাদরাসায় এসে আমি যথেষ্ট অভিভুত হয়েছি। এখানে না এলে আমি কখনো বুঝতে পারতাম না যে, এই মাদরাসায় এতগুলো ডিপার্মেন্ট রয়েছে। কওমী মাদরাসার ছাত্রদের বাংলায় কথা বলার ধরণ দেখলে আমার আশ্চর্য লাগে যে এখানে পড়ালেখা করে কীভাবে তাঁরা এত সুন্দর বাংলা লেখতে ও বলতে পারে!
এসময় মন্ত্রী মহোদয়ের সাথে স্বরাাষ্ট্র সচিব জনাব মোস্তফা কামাল উদ্দিন, জেলা প্রশাসক জনাব জিল্লুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি জসীমুদ্দীন, মাওলানা আনাস মাদানী, মাওলানা মীর ইদরীস, মাওলানা নূরুল ইসলাম জাদিদ, মাওলানা ইয়াহয়া, মাওলানা আহমাদ দীদার, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা শোয়াইব, মাওলানা হুমায়ুন কবীর ও মাওলানা সরওয়ার কামালপ্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, (শুক্রবার) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়ি নানুপুর মাদরাসার মহাসম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সেখানে জুমার নামায আদায় করেন। ঢাকা ফেরার পথে তিনি হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেন এবং আমীরে হেফাজতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।