বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তিনটি তেল স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এসব স্থাপনা রক্ষায় নগরীর পতেঙ্গা থানার সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর সড়ক দুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম নগর পুলিশ।
আজ বুধবার বিকেল থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত ওই সড়কে কোনো সাধারণ যাত্রীবাহী যানবাহন চলাচল করতে পারবে না। সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর পর্যন্ত মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এবিষেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার ইকবাল বাহার বলেন, সিমেন্ট ক্রসিং থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে সড়ক বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।