আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। সংবিধান অনুযায়ী কারো দুই বছরের বেশি কারাদণ্ড হলে, তিনি নির্বাচনের অযোগ্য হন।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সচিবালয়ে নিজের কক্ষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নিয়ম মোতাবেক উচ্চ আদালতের কোনো রায়ের ক্ষেত্রে ৩০ দিন সময় পাওয়া যায় আপিলের জন্য। তবে এই বিশেষ আদালতের রায়ের ক্ষেত্রে ৬০ দিন সময় পাওয়া যাবে।
আজই খালেদা জিয়াকে কারাগারে যেতে হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আইনজীবী হিসেবে যতটুকু জানি, আজই তাকে কারাগারে যেতে হবে। মামলার রায়ের কপি হাতে পেলে তারা আপিল করতে পারবে।
মন্ত্রী বলেন, এছাড়া হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে দুটি রায় আছে। যেখানে এ ব্যাপারে সুনিশ্চিতভাবে বলা হয়েছে, আপিল যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এ মামলাটা পূর্ণাঙ্গ স্থানে যায়নি, সেজন্য দণ্ডপ্রাপ্ত হলেও তিনি ইলেকশন করতে পারবেন। আবার আরেকটা রায়ে বলা হয়েছে, পারবেন না।
আনিসুল হক বলেন, এখন খালেদা জিয়া ব্যাপারে আপিল বিভাগ ও স্বাধীন নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার।
রায়ের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি আমলে অপরাধীদের যে স্বর্গ ছিল তার অবসান হয়েছে। এখন এটাই প্রতিষ্ঠিত হয়েছে অপরাধ করলে তার বিচার হয়, সুষ্ঠু বিচার হওয়ার পর তার শাস্তি হয়।’ তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশে দুর্নীতির একটা আখড়া ছিল। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার প্রচেষ্টায় ছিলাম। সেটার একটা সাফল্য এ রায়।