Wednesday, October 28

এবার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১৭

0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে বন্দুকধারীর হামলায় ১২ শিক্ষার্থীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার বেলা পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের সবাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডের ব্রোয়ার্ড কাউন্টি এলাকার মারজরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলের শিক্ষার্থী।

হামলাকারী সন্দেহে ১৯ বছর বয়সী নিকোলাস ক্রুজ নামের স্কুলটির সাবেক এক ছাত্রকে আটক করেছে পুলিশ। তাঁকে একসময় ওই স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিকোলাস ক্রুজ গুলিভর্তি বন্দুক নিয়ে স্কুলের ভেতরে ঢোকার আগে বাইরে গুলি চালান। এতে তিনজন নিহত হয়। পর তিনি স্কুলের ভেতরে ঢোকেন। সেখানে ১২ জনকে গুলি চালিয়ে হত্যা করেন তিনি। এদের সবাই শিক্ষার্থী বলে ধারণা করছে পুলিশ।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো দুজন। আহত ছয়জনের মধ্যে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তবে আহতের সংখ্যা অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও সোয়াট বাহিনী স্কুল থেকে ছাত্রছাত্রীদের বের করছে। স্কুলটির বাইরে জড়ো হয়েছেন অভিভাবকরা।

কয়েকজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, বন্দুক হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্কুলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠে।

শিক্ষার্থীরা সংবাদমাধ্যমকে জানিয়েছে, বন্দুক হামলার সময় বিকট শব্দ শুনে ডেস্কের নিচে ও দরজার আড়ালে লুকিয়ে ছিল তারা।

বেইলি ভোসবার্গ নামের এক শিক্ষার্থী বিবিসিকে বলে, ‘আমি শব্দ শুনে ভেবেছিলাম, কোথাও আতশবাজি হচ্ছে। কিছুক্ষণ পরেই আমি গুলির শব্দ শুনতে পাই। এর পরে আমি স্কুলের সামনে গিয়ে দেখি পুলিশ, সোয়াট এসে পড়েছে।’

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি টুইটে লিখেন, ‘ফ্লোরিডায় বন্দুক হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার প্রার্থনা ও সমবেদনা। কোনো শিশু ও শিক্ষকসহ যে কেউ আমেরিকার স্কুলে নিরাপদ নয়।’

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.