Saturday, November 28

খালেদার মুক্তিতে ডিসিকে স্মারকলিপি বিএনপির

0

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা

রোববার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। ঢাকা জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিন স্মারকলিপি গ্রহণ করেন।

বিএনপির এই কর্মসূচি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রায় সাহেব বাজার মোড়ে মোতায়েন করা হয়েছে জলকামান। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্মারকলিপিতে খালেদা জিয়াকে নির্দোষ দাবি করে বলা হয়েছে, সাজানো মামলায় বিএনপি চেয়ারপারসন ও খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে বন্দি করা হয়েছে। বানোয়াট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। তাই তার বিরুদ্ধে ঘোষিত রায়টিও প্রহসনমূলক।

বিএনপির ঢাকা জেলা শাখার নেতাকর্মীরা খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল, রাশেদুল হাসান রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহমান বাবুল, ছাত্রদলের সভাপতি হাজী মাসুম প্রমুখ।

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, রবিবার সারাদেশে আমাদের নেতারা মিছিল সহকারে গিয়ে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করেন। ঢাকায় হবে দুপুর ১২টায় হলেও অন্যান্য জেলায় স্থানীয় নেতারা সুবিধা অনুযায়ী অফিসসূচির (৯টা-৫টা) মধ্যে এই স্মারকলিপি প্রদান করবেন।

গত ৯ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি, ১০ ফেব্রুয়ারি থানা, উপজেলা, জেলা মহানগরে প্রতিবাদ সমাবেশ, ১২ ফেব্রুয়ারি  মানববন্ধন, ১৩ ফেব্রুয়ারি  অবস্থান কর্মসূচি ও ১৪ ফেব্রুয়ারি অনশন কর্মসূচি পালন করে বিএনপি।খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির এ ৫ দিনের কর্মসূচি পালন ছাড়াও বিদেশি কূটনীতিক, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি, পেশাজীবী, আইনজীবী, ২০ দলীয় জোটসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করেন দলের জ্যেষ্ঠ নেতারা।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রাজধানীর বকশীবাজারের কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.