Saturday, November 28

শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা

0

মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

এবার সব পরিস্থিতি বিবেচনা করে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তবে তার মতে, ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো ধরনের হামলা-নাশকতার আশঙ্কা নেই।

ডিএমপি কমিশনার আরও বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং নাশকতা ঠেকাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর চারপাশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি আরও বলেন, শ্রদ্ধা জানাতে আসা সবাইকে আর্চওয়ের ভেতর দিয়ে মূল বেদীতে প্রবেশ করতে হবে। এছাড়া ম্যানুয়ালি ও হ্যান্ডমেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হবে। শহীদ মিনারের পুরো এলাকার প্রতি ইঞ্চি সিসিটিভির আওতায় থাকবে। সিসিটিভিগুলো কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কোথাও সমস্যা মনে হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, ২০ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারের পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। শহীদ মিনারের চারপাশে ডিএমপির ওয়াচ টাওয়ার থাকবে, যেখান থেকে সার্বক্ষণিক পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনারের আশপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকার ছাড়া কোনো যানবাহন ভেতরে প্রবেশ করতে পারবে না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.