Wednesday, November 11

ফয়জুলের ভাই আল আমিনকে খুঁজছে পুলিশ

0

 প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ও জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের ভাই আল আমিনকে খুঁজছে পুলিশ। কারণ ফয়জুল যেসব ডিভাইসের মাধ্যমে বিভিন্ন জঙ্গি ওয়েবসাইটে ঢুকত সেগুলো নিয়ে পালিয়েছে আল আমিন।

ফয়জুল যেসব জঙ্গি ওয়েবসাইটে বিচরণ করত সেগুলোর মধ্যে আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলাটিমের ওয়েবসাইটও রয়েছে। তাছাড়া ফেসবুকে মৌলবাদী গোষ্ঠীর তৈরি বাঁশের কেল্লা পেজ সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ত। আহলে হাদিসের অনুসারী পিস টিভির বিভিন্ন অনুষ্ঠানের বক্তব্য মনোযোগ দিয়ে শুনত ফয়জুল।

আইন প্রয়োগকারী সংস্থার একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার (আজ) ফয়জুলকে সিলেট মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করা হবে। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

ফয়জুলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ওই কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জাফর ইকবালের ওপর হামলার পর ফয়জুল পেছনের ধান ক্ষেতের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। এ কারণেই তার ব্যবহƒত বাইসাইকেলটি ক্যাম্পাসের প্রধান ফটকের পাশের একটি ওয়ার্কশপে রেখে এসেছিল। এদিকে ফয়জুল যে মোবাইল ফোন ব্যববহার করত এখনও সেটির হদিস পাওয়া যায়নি।

ফয়জুল পুলিশকে জানিয়েছে, দীর্ঘদিন ধরে টার্গেট করে এ হামলা চালানো হয়। ৪-৫ মাস আগে সিলেট শহর থেকে সে নিজেই একটি চাকু কিনে আনে। ক্যাম্পাসে গেলেই সে ওই চাকুটি তার সঙ্গে নিয়ে যেত। এর আগে আরও একাধিকবার আঘাত হানার পরিকল্পনা নিয়ে জাফর ইকবালের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হামলা চালানো থেকে বিরত থেকেছে। কেউ যাতে তাকে সন্দেহ না করে এজন্য ক্যাম্পাসে প্রবেশের পর বেশিরভাগ সময় ফুটবল খেলে সময় কাটাত। ক্যাম্পাস মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তার বেশকিছু বন্ধুবান্ধবও তৈরি হয়।

৩ ফেব্রুয়ারি বিকালে শাবি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালের ওপর হামলা হয়। ছুরি দিয়ে মাথায় আঘাত করে হামলাকারী। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান পুলিশের ডিআইজি মনিরুল ইসলাম বুধবার যুগান্তরকে বলেন, ফয়জুল এখনও হাসপাতালে। পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ফয়জুল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তার ভাইকে ধরতে পারলেই এ হামলার অনেক রহস্য বেরিয়ে আসবে।

মনিরুল ইসলাম জানান, সেলফ রেডিক্যালাইজড হয়ে ফয়জুল বিভিন্ন জঙ্গি ওয়েবসাইটে বিচরণ করত। সে কোনো জঙ্গি সংগঠনের মতাদর্শে বিশ্বাসী হয়ে হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। ফয়জুলকে গ্রেফতারের পাশাপাশি তার কাছে থাকা ডিভাইসগুলো উদ্ধারে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান অব্যাহত রেখেছে। ডিভাইসগুলো পাওয়া গেলে সেগুলোর মাধ্যমেই অনেক কিছু নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, ঘটনার দিন জাফর ইকবালের পেছনে ফয়জুল ছাড়া অজ্ঞাত যে ৩-৪ জন দাঁড়িয়েছিল, তাদের পরিচয় পাওয়া গেছে। তারা অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অনুষ্ঠান উপলক্ষে ওইদিন তারা সেখানে গিয়েছিল। এ হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

তবে পুলিশ সদর দফতরের একটি নির্ভরযোগ্য সূত্র সাংবাদিকদের জানিয়েছে, জাফর ইকবালের পেছনে দাঁড়িয়ে থাকা সন্দেহজনক ৩-৪ জনের মধ্যে একজন এখন আইন প্রয়োগকারী সংস্থার একটি বাহিনীর হেফাজতে আছে। রাহি নামের ওই যুবকের সঙ্গে এ হামলার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা যাচাই করতে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার দিন জাফর ইকবালের অবস্থানের বিষয়টি লিফলেট থেকে জেনেছে ফয়জুল।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অ্যাফেয়ার্স) মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, বুধবারের জিজ্ঞাসাবাদে ফয়জুল বেশকিছু নতুন তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, কম্পিউটার কম্পোজের দোকানে কাজের সুবাদে ইন্টারনেটে বেশি সময় ব্রাউজিং করত। তার নিজের জাতীয় পরিচয়পত্র না থাকলেও অন্য নামে তিনটি মোবাইল সিম ব্যবহার করত। ওই সব সিম থেকে তথ্য উদঘাটনে পুলিশ প্রযুক্তির সহযোগিতা নিচ্ছে। তার ফেসবুক আইডি থেকেও তথ্য খোঁজা হচ্ছে।

তদন্তের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা যুগান্তরকে জানান, ফেসবুকে বাঁশের কেল্লা পেজে থাকা অন্যান্য লিংকেও ফয়জুল বেশ সময় ব্যয় করত। সেখান থেকেই সে উগ্র জঙ্গিবাদের ধ্যানধারণা নিতে থাকে। পিস টিভির বিভিন্ন অনুষ্ঠান থেকে ইসলামবিরোধীদের হত্যা করার প্ররোচনা পাওয়ার কথা স্বীকার করেছে। সে জানায় সিলেটে অনুষ্ঠিত পিস টিভির কিছু অনুষ্ঠানে অন্য আহলে হাদিস অনুসারীদের সঙ্গে সে অংশগ্রহণও করে।

জিজ্ঞাসাবাদে ফয়জুল পুলিশকে জানায়, অধ্যাপক ড. জাফর ইকবাল যে নাস্তিক ও ইসলামের শত্রু তা সে বাঁশের কেল্লাসহ বিভিন্ন ওয়েবসাইট থেকে জেনেছে। সে কখনও জাফর ইকবালের লেখা কোনো বই পড়েনি। ফয়জুল জানায়, হামলার দিন সকাল থেকেই সে অধ্যাপক জাফর ইকবালকে অনুসরণ করে। অনুষ্ঠানে দেখেই সে প্রস্তুতি নেয়।

বেশ কিছু সময় ব্যয় করে সে। অন্যান্য শিক্ষার্থীর মতো কালো টি-শার্ট পরে দীর্ঘক্ষণ রোবট প্রতিযোগিতা দেখে। এক সময় বিরতি দেয়া হয় অনুষ্ঠানের। এ সময় সে দেখতে পায় অধ্যাপক জাফর ইকবালের পেছনটা খালি। জাফর ইকবালের সঙ্গে সেলফি তুলতে অনেক শিক্ষার্থী সেখানে উঠছে। সে সুযোগ বুঝে সেখানে উঠে পড়ে।

কেবিনে পরিবারের সদস্য ছাড়া অন্য কেউ ‘অ্যালাউ’ না : জাফর ইকবালকে বুধবার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে। তবে পরিবারের সদস্য ছাড়া তার পাশে অন্য কাউকে ‘অ্যালাউ’ করছে না হাসপাতাল কর্তৃপক্ষ। কেউ দেখতে গেলে ভিজিটর নোটবুকে তার মন্তব্য লেখা ব্যবস্থা রাখা হয়েছে।

সিএমএইচের কনসালট্যান্ট সার্জন মেজর জেনারেল মুন্সী মুজিবুর রহমান বুধবার সাংবাদিকদের  বলেন, জাফর ইকবালের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। তাকে আজ (বুধবার) সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়েছে।

তিনি বলেন, সাধারণত সেলাই কাটা হয় ১০ থেকে ১৪ দিনের মধ্যে। আর ছুরির আঘাত কিংবা সংক্রমণ হওয়া ক্ষতের সেলাই আরও পরে কাটা হয়। তিনি বলেন, জাফর ইকবাল যদি মনে করেন বাসায় চলে যাবেন, তবে আমরা তাকে ছুটি দিয়ে দেব। নতুবা সেলাই কাটার পর তাকে ছুটি দেব। মুন্সি মুজিবুর রহমান বলেন, আমরা পরিবারের সদস্য ছাড়া জাফর ইকবালের পাশে কোনো ‘গেস্ট অ্যালাউ’ করছি না।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.