Tuesday, September 29

সালমানকে রজনীকান্তের সঙ্গে তুলনা করলেন প্রভুদেবা

0

ভারতের মহাতারকা বলা যায় রজনীকান্তকে। ৬৭ বছর বয়সী এই তারকার ছবি মুক্তির দিন, ভারতের দক্ষিণের কিছু কিছু অঞ্চলে ছুটি ঘোষণা করা হয়েছে এমন নজিরও রয়েছে। তবে জনপ্রিয়তায় কম যান না বলিউডের সালমান খানও। শুধু ভারতেই না, ভারতের বাইরেও বলিউডের ভাইজান খ্যাত সালমানেরও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তাই এই দুই তারকার মধ্যে তুলনা করতে গেলে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে যেকোনো বলিউড বিশ্লেষককে। তবে এসবের ধার ধারেননি বলিউডের নৃত্য পরিচালক প্রভুদেবা। মিডডের বরাত দিয়ে এনডিটিভির খবরে প্রকাশ, সালমানকে রজনীকান্তের সঙ্গে তুলনা করেছেন তিনি।

সম্প্রতি মিডডেকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রভুদেবা বলেন, ‘সালমান অনেকটা রজনীকান্তের মতো। সে অনেক পরিশ্রমী এবং ভালো মনের মানুষ। তাঁর সঙ্গে একজনেরই তুলনা চলে, তিনি আমাদের রজনীকান্ত স্যার। তাঁদের দুজনেরই আলাদা একটি ঢং রয়েছে, আর প্রত্যেকটি ঢঙেরই রয়েছে আলাদা আবেদন। সালমান কখনই কাউকে মুগ্ধ করার জন বাড়তি চেষ্টা করেন না, কিন্তু আমরা তাঁর প্রতি সম্মোহিত।’

রজনীকান্ত সঙ্গে এর আগে কাজ করেছেন প্রভুদেবা। রজনীকান্তের ‘এনথ্রিয়ান’ ছবিতে নৃত্য পরিচালক হিসেবে দেখা গিয়েছিল প্রভুদেবাকে। তবে সালমানের সঙ্গে এবারই প্রথম কাজ করতে যাচ্ছেন তিনি। ‘দাবাং’ সিরিজের তৃতীয় কিস্তি ‘দাবাং ৩’ পরিচালনার ভার অর্পণ করা হয়েছে প্রভুদেবার ওপর। ‘দাবাং ৩’ পরিচালনা নিয়ে প্রভুদেবা বলেন, ‘আমাদের যত দ্রুত সমভব শুটিং শুরু করে দেওয়া উচিত। এটা সালমান সর্বস্ব একটি ছবি হতে যাচ্ছে। সেখানে প্রচুর মারকুটে দৃশ্য থাকছে। আমি জানি এটি বড় একটি ছবি এবং এটা আমার জন্য বিরাট এক চ্যালেঞ্জ কিন্তু আমি তাঁদের মধ্যে পড়ি না যারা চাপে ভেঙে পড়ে। আমি তখনই চাপে পড়ি যখন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যখন আমি ভক্তদের প্রতিক্রিয়া সামনাসামনি দেখতে পাই।’

ছবিটির মাধ্যমে চুলবুল পান্ডে চরিত্রে আবারও ফিরবেন সালমান। ছবিতে তাঁর বিপরীতে রাজ্য চরিত্রে থাকছে সোনাক্ষী সিনহা। বর্তমানে ‘রেস ৩’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সালমান। ‘রেস ৩’-এর শুটিং শেষ করে জুলাই থেকে ‘দাবাং ৩’ ছবির শুটিং শুরু করবেন সালমান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.