Thursday, November 19

আদুরির ওপর নির্যাতন মামলার রায় আজ

0

শিশু আদুরির ওপর বর্বর নির্যাতনের মামলার রায় আজ মঙ্গলবার সকাল ১১টার পর ঘোষণা করবেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক জয়শ্রী সমাদ্দার এ রায় ঘোষণা করবেন।

এদিকে চার বছরের ব্যবধানে আদুরির শারীরিক গঠনের পরিবর্তন হলেও নির্যাতনের ক্ষতচিহ্নগুলো এখনও রয়ে গেছে।  
জানা গেছে, আদুরি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠির কৌরাখালি গ্রামের প্রয়াত খালেক মৃধার ছোট মেয়ে। অভাবের সংসারে মা সাফিয়া বেগম দিশেহারা হয়ে ৯ সন্তানকেই গৃহপরিচারিকা হিসেবে কাজে দেন। আদুরিকে এক প্রতিবেশীর সহযোগিতায় রাজধানীর পল্লবীতে নওরীন জাহান নদীর বাসায় কাজে দেওয়া হয়েছিল। সেখানে নানা অজুহাতে দিনের পর দিন তাকে অমানবিক নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে নদী ও তার মা মৃত ভেবে আদুরিকে ডাস্টবিনে ফেলে দেন। সেখান থেকে দুই নারী কর্মী অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে তাকে। পরে পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। দেড় মাস চিকিৎসার পর সুস্থ হলে পরিবারের কাছে আদুরিকে হস্তান্তর করা হয়।  
পরে এ ঘটনায় আদুরির মামা নজরুল চৌধুরী বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় নদী ও তার মা ছাড়াও নদীর স্বামী সাইফুল ইসলাম মাসুদ, তাদের আত্মীয় সৈয়দ চুন্নু মীর ও রনিকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর রাজধানীর পল্লবীর একটি ডাস্টবিন থেকে অচেতন অবস্থায় আদুরিকে (১১) উদ্ধার করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.