Wednesday, November 4

উপবনের ১১ বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

0

সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাইনচ্যুত হয়েছে। ট্রেনে থাকা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। এতে রাত ১টা থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সেখান থেকে প্রতিমন্ত্রী মান্নান পরে জিপে করে ঢাকায় পৌঁছেন বলে শ্রীমঙ্গল থানার ওসি কে.এম নজরুল জানান। ওসি নজরুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রীর বগি ও তার পরের দুটি বগি ছাড়া বাকিগুলো লাইনচ্যুত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান আজ শুক্রবার সকালে বলেন, ‘গতকাল দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে সাঁতগাও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ট্রেনের পুলিং রড ভেঙে ১১টি বগি লাইনচ্যুত হয়। বগি গুলো রেল সড়কের পাথরে আটকে যায়। দুর্ঘটনায় রেললাইন দুমরে-মুছড়ে স্লিপারগুলো ভেঙে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে রাত ৪টায় উদ্ধারকাজের জন্য কুলাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। অপরদিকে আখাউড়া থেকে আরও একটি রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে বলে জানান প্রকৌশলী মুজিবুর রহমান।

‘আজ শুক্রবার সকাল ৬টায় কুলাউড়া থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্ধারকাজ শুরু করে। যেভাবে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে বেশ কিছু সময় লাগবে’, যোগ করেন রেল কর্মকর্তা। তবে কী পরিমাণ সময় লাগবে তা নিশ্চিত করে না বললেও তিনি ধারণা দেন, ‘হয়তো বিকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।’

উপবন ট্রেনের যাত্রী আব্দুল্লাহ মাহমুদ জানান, হঠাৎ করে তীব্র ঝাঁকুনি দিয়ে বগি লাইনচ্যুত হয় এবং দুলতে থাকে। এ সময় যাত্রীদের চিৎকারে এক ভীতিকর পরিস্থিতির অবতারণা হয়। স্থানীয় জনগণ এগিয়ে এসে তাদের সহযোগিতা করেন।

ট্রেনের আরেক যাত্রী আতিকুর রহমান বলেন, রাত ১টার দিকে বিকট শব্দ করতে করতে ট্রেন লাইনচ্যুত হতে থাকে। এ সময় এক ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। তবে ট্রেন স্বল্প সময়ের মধ্যেই থেমে যায় এবং বগিগুলো কাত হয়ে পড়ে।

এদিকে এই ট্রেনে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সহস্রাধিক যাত্রী। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্থ প্রতিমন্ত্রীকে নিরাপদে নামিয়ে শায়েস্তাগঞ্জ পৌঁছে দিলে সেখান থেকে প্রাইভেটকারে করে তিনি ঢাকার পথে রওয়ানা হন বলে জানান শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশেকুল হক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.