Saturday, September 26

খালেদাকে গ্রেপ্তারের আবেদন গ্রহণ করেননি আদালত

0

মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তারের আবেদন করা হলে আদালত তা গ্রহণ করেননি।
বুধবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে এ আবেদন করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।
আদালত এই আবেদন গ্রহণ না করে আগামী ১৪ মার্চ গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করেন।

২০১৬ সালের ৩ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে ওই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালত তেজগাঁও থানা পুলিশকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
গেল ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান (তদন্ত) প্রতিবেদন দাখিল করেন। এতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন তিনি। তবে মামলার অপর আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যু হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলায় অভিযোগ করা হয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতির পদ দখল করেন। ১৯৮১ সালের ১৭ মে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলে জিয়াউর রহমান তাকে হুমকি দেন ও অবরুদ্ধ করে রাখেন। ২০০১ সালে জামায়াত ইসলামীর সঙ্গে জোট করে সরকার গঠন করে খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী রাজাকার-আলবদরদের মন্ত্রী-এমপি বানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা তাদের বাড়িতে এবং গাড়িতে তুলে দিয়েছেন। যার দ্বারা মুক্তিযুদ্ধ ও মানচিত্র এবং জাতীয় পতাকাকে অপমানিত করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.