বিজয় কুমার, গাইবান্ধাঃ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইসমাইল (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গাইবান্ধা
সদর উপজেলার ফুলবাড়ী গ্রাম থেকে বুধবার মধ্যরাতে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে বলে জানা যায়।
একাধিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মুদি দোকান থেকে কেরোসিন তেল নিয়ে বাড়ি ফেরার পথে ইসমাইল নামে ওই যুবক কিশোরীর মুখ চেপে ধরে টেনে হিচরে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় কিশোরী সম্ভ্রম বাঁচাতে চিৎকার দিলে পাশে সড়ক দিয়ে আসা দুই পথচারী কিশোরীর চিৎকার শুনে এগিয়ে এলে ধর্ষক ইসমাইল হোসেন দ্রুত পালিয়ে যায়। থানায় মামলা হলে বুধবার মধ্যরাতে সদরের ফুলবাড়ি গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহরিয়ার জানান, এ ঘটনায় কিশোরীর বড় ভাই খাজেদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আটক ইসমাইল হোসেনকে আজ বৃহস্পতিবার (০৩ আগষ্ট) সকাল ১০টায় আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।