মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : জাতীয় ও কালো পতাকা উত্তোলন, স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোকচিত্র প্রদর্শনী, শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে গাজীপুর আইনজীবী সমিতি ভবনে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সদস্যদের আত্মঘাতি হামলার ১২তম বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ২৯ নভেম্বর বুধবার সকালে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি জেলা আইনজীবী সমিতির কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এর আগে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে জেলা আইনজীবী সমিতি, জেলা জজশিপ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী আইনজীবী, সহকারী আইনজীবী সমিতিসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সুদীপ চক্রবর্তী বলেন, ২০০৫ সালে জেএমবির আত্মঘাতি নৃশংস হামলায় ৪জন আইনজীবীসহ ১০জন নিহত হন। সেই দিনটিকে স্মরণ করে আইনজীবী সমিতি নানা কর্মসূচি পালন করে।
এ সময় দায়ীদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় দ্রæত কার্যকরের দাবি করেন তিনি।
প্রসঙ্গ, ২০০৫ সালের ২৯ নভেম্বর আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় চার আইনজীবীসহ নিহত হন ১০জন। এই হামলায় মারা যান গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আইনজীবী নুরুল হুদা, আনোয়ারুল আজম ও গোলাম ফারুকসহ ১০জন। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে জেএমবির সদস্য আসাদ ওরফে জিয়া। আহত হন আইনজীবীসহ বিচার প্রার্থী অনেকে। বোমার স্প্লিন্টারে ক্ষত, পঙ্গুত্ব ও গায়ে স্প্লিন্টার নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন আহত আইনজীবীরা।
ওই ঘটনার একটি মামলায় ১০ জেএমবি সদস্যের ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার আদালত।