Sunday, November 29

জাফর ইকবালের ওপর হামলাকারীর বাবা-মা আটক

0

জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বাবা-মাকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে ফয়জুরের বাবা মাওলানা আতিকুর রহমান ও মা মিনারা বেগমকে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ আবদুল ওয়াহাব মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার বিকেলে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানকে পুলিশ ওসমানী হাসপাতালে ভর্তি করে। আহত অবস্থায় ফয়জুর সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে, হামলার ঘটনায় সন্ধ্যায় শাবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আবদুল গনিকে এ কমিটির প্রধান করা হয়েছে।

এ ছাড়া রাতে পুলিশের দুই সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়। তাঁরা মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে মোবাইল ফোন ব্যবহার করছিলেন।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফয়জুর রহমানের অতর্কিতে হামলায় ছুরিকাহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্ররা হামলাকারী যুবককে ধরে পিটুনি দেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই যুবককে শিক্ষা ভবনের একটি কক্ষে রাখেন। ফয়জুর রহমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার বাসিন্দা। তাঁর মূল বাড়ি সুনামগঞ্জের দিরাইয়ের কলিয়ার কাপনপুরে।

ঘটনার দিন রাতেই অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বাসায় তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে তাঁর মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের বহিষ্কৃত নেতা ফজলুর রহমানকে আটক করা হয়।

এ ছাড়া গ্রামের বাড়ি থেকে চাচা আবদুল কাহার (৫৫) আটক করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) সদস্যরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.