তহবিল গঠনের উদ্যোগে পুঁজিবাজারে উত্থান

0

দেশের ইতিহাসে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ডিএসই’র প্রধান মূল্যসূচক।সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।

২০১৪ সালের ২৯শে জানুয়ারি চালুর পর সাড়ে সাত বছরে সর্বোচ্চ অবস্থানে পৌঁছালো ডিএসইএক্স সূচক। এদিকে অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।

সকাল ১০টায় লেনদেন শুরুর পর ১৫ পয়েন্ট বেড়ে গেলে পরে সূচক কিছুটা কমে যায়। পরে ৬ হাজার ৩৩১ পয়েন্টে ওঠে বেলা ১১টায়। তবে ১১টা ৯ মিনিটে কারিগরি জটিলতায় লেনদেন বন্ধ হয়ে যায়। ১ ঘণ্টা ২০ মিনিট পর লেনদেন শুরু হয়।

এরপর সূচক কিছুটা কমে ৬ হাজার ৩১৪ পয়েন্টে নেমে আসে।

এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানায়, লেনদেন আড়াইটার বদলে চলবে বেলা তিনটা পর্যন্ত।

বেলা ২টা ২৬ মিনিটে সূচক পৌঁছে ৬ হাজার ৩৩৭-এ। সঙ্গে সঙ্গে ভেঙে যায় ২০১৭ সালের ২৬ নভেম্বরের রেকর্ড। সেদিন সূচক ছিল ৬ হাজার ৩৩৬ পয়েন্ট।

ডিএসইএক্স সূচক চালুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের নাম ছিল ডিএসই সূচক। সেই সূচকের সঙ্গে তুলনায় করলেও পুঁজিবাজারের এই অবস্থানকে সাড়ে ১০ বছরের সর্বোচ্চ বলা যায়। ২০১১ সালের ৩ আগস্ট সূচক ছিল ৬ হাজার ৩৮৯।

পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করেন, বাজারের স্থিতিশীলতার জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় করা, তাদের আরও বিনিয়োগের সুযোগ করে দিতে আইনি নানা পরিবর্তন আর সবশেষে বাজারের স্থিতিশীলতায় অবণ্টিত লভ্যাংশ ব্যবহার করে তহবিল গঠনের উদ্যোগের কারণে বিনিয়োগকারীরা বাজারে আকৃষ্ট হয়েছেন।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, রোববার ডিএসইতে ১ হাজার ৭৯৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩ কোটি ১৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

রোববার ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, দর কমেছে ১৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির।

সিএসইতে মোট ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬০ পয়েন্ট। সূচকটি ১৮ হাজার ৩৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.