Sunday, November 22

দুদকে ৬৭ ভাগ অভিযোগ ভূমি অফিস ও কর্মকর্তাদের বিরুদ্ধে: টিআইবি

0

দুর্নীতি দমন কমিশন (দুদক) পরিচালিত গণশুনানিতে মোট অভিযোগের শতকরা ৬৭ ভাগ এসেছে উপজেলা ভূমি অফিস ও এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে। শুধু ভূমি অফিসের বিরুদ্ধেই অভিযোগ এসেছে ২৯ ভাগ।

আজ ৫নভেম্বর(রবিবার) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় টান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ‘দুর্নীতি প্রতিরোধে দুদক পরিচালিত গণশুনানি: কার্যকারিতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানায় টিআইবি।

প্রতিবেদনে আরও জানানো হয়, অধিকাংশ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দায়িত্বে অবহেলা, খারাপ আচরণ ও প্রতারণা বিষয়ক অভিযোগ উঠে এসেছে। এছাড়াও পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষেত্রে বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিতে বিলম্ব করা ও সেবা পাওয়ার ক্ষেত্রে ঘুষ দেয়ার অভিযোগ উঠে এসেছে। রাজউকের সেবা পাওয়ার ক্ষেত্রেও অবৈধ উপায়ে প্লট দখল ও প্লট বরাদ্দ পাওয়ার অভিযোগ এসেছে। বিআরটিএ এর ক্ষেত্রেও ঘুষসংক্রান্ত অভিযোগ উত্থাপিত হতে দেখা গেছে।

অভিযোগের সমাধানের ব্যাপারে কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক চিত্র দেখা গেছে। অভিযোগকারীদের তথ্যানুযায়ী ৭৮ ভাগ অভিযোগকারী তাদের অভিযোগ সমাধানের প্রতিশ্রুতি পেয়েছেন। এর মধ্যে ২৭ ভাগ অভিযোগকারী তাদের অভিযোগের সমাধান পেয়েছেন। তবে উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও রাজউক উল্লেখযোগ্য অভিযোগ সমাধান করতে পারেনি।

২৭ শতাংশ অভিযোগের নিষ্পত্তি হলেও এটি ইতিবাচক বলে মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দুদকের গণশুনানির ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক ধরনের জবাবদিহিতা সৃষ্টি হয়েছে। এতে করে মানুষের মধ্যে কিছুটা আস্থা তৈরি হচ্ছে।’

ইফতেখারুজ্জামান বলেন, ‘গণশুনানিতে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রায় এলেও দুদকের পরবর্তী মনিটরিং না থাকায় তা চাপা পড়ে যাচ্ছে। এতে অভিযোগকারীর দুদকের প্রতি আস্থা কমছে।’

যারা গণশুনানিতে অংশগ্রহণ করছেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ইফতেখারুজ্জামান বলেন, ‘এ প্রক্রিয়া দুদকের একটি হাতিয়ার হলেও অনেক সময় দায়িত্বশীল ব্যক্তিরা প্রভাবিত হয়ে রায় দিচ্ছেন। এতে করে অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না।’

টিআইবি জানায়, গবেষণাটির সময়কাল ছিল গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.