ত্রিদেশীয় সিরিজ শেষে এবার শুরু হয়ে গেল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টসে জিতে ব্যাটিং নিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের টিম টাইগার। সদ্য নিযুক্ত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরির সুবাদে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ উল্লাহ।
আগে থেকেই পরিস্কার হয়ে গিয়েছে, জহুর আহমেদ চৌধুরীর উইকেট ঘূর্ণিবলের স্বর্গ। যে কারণে টাইগার একাদশেও ৩ স্পিনার আর ১ পেসারের কম্বিনেশন। এই টেস্টেই অভিষেক হয়ে গেল বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের। ৪ বছর পর তারক স্পিনার আব্দুর রাজ্জাকের জাতীয় দলে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের প্রথম ঘোষিত দলে বিশেষজ্ঞ স্পিনার ছিলেন সাকিব আল হাসান, নাঈম হাসান, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পরে সাকিব ছিটকে যাওয়ার পর বিকল্প হিসেবে দেওয়া হয় সানজামুল ইসলাম ও তানবীর হায়দারকে। পরে নেওয়া হয় অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককেও।
অন্যদিকে পিঠের চোট কাটিয়ে লঙ্কান একাদশে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। পুরানো এই শত্রু টেস্ট সিরিজে হতে পারেন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। শ্রীলঙ্কার অধিনায়ক নিশ্চিত, অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে সামলানো টেস্টে স্বাগতিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।