চলন্ত ট্রেনের ছাদে করে ভ্রমণের সময় নওগাঁর রাণীনগর স্টেশনে চার যাত্রী একটি ফুটওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে নিহত হয়েছেন।
বুধবার ভোরে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের ছাদে করে গন্তব্যে যাওয়ার সময় ওই চারজন এ দুর্ঘটনার কবলে পড়েন।
সান্তাহার রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
যাত্রীরা আন্তঃনগর দূতযান এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করছিলেন। এই স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। তবে লোকাল ট্রেন থামে।
লাশ সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।