প্রত্নতত্ত্ব অধিদফতরের আয় সরকারের কোষাগারে জমা না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ আয়ের একটি অংশ সংস্থাটির নিজস্ব উন্নয়ন ও সংস্কার কাজে ব্যয় করার জন্য অর্থ ব্যয়ের খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর কথা সুপারিশে বলা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৫ ও ২৬তম বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, পংকজ নাথ এবং পিনু খান বৈঠকে অংশ নেন।
বৈঠকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রারে যুক্ত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।