নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৬ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান।
নেতৃবৃন্দ বলেন, সরকার স্বৈরাচারী কায়দায় বিএনপিকে দমানোর জন্য নেতা কর্মীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করে ভীতিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। শওকত আলী নূর পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি ও আওয়ামীলীগের প্রচার-প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ রাঙ্গুনিয়ার একই এলাকার হওয়ায় শওকত নূরকে দমন করতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। শওকত নূর সম্প্রতী তার বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলায় জামিন নিয়ে রাঙ্গুনিয়ায় বিএনপির তৃণমূলে যোগাযোগ বৃদ্ধি করায় দলীয় কার্যালয় ভাংচুরের মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামলীগ বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির পথ বেচে নিয়েছে। নিজেদের অন্তকোন্দলে দলীয় কার্যালয় আগুুনে পুড়িয়ে বিএনপির ওপর দোষ চাপানো আওয়ামীলীগের চিরাচরিত অভ্যাস।
নেতৃবৃন্দ রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক শওকত আলী নূর সহ ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবী জানান।