Thursday, November 19

ভারতে আনসারুল্লাহ সদস্য সন্দেহে ১ বাংলাদেশি আটক

0

ভারতের উত্তর প্রদেশের মুজাফ্ফরনগর থেকে জঙ্গি সন্দেহে ১ বাংলাদেশি যুবকসহ ৪জনকে আটক করেছে দেশটির গোয়েন্দা সদস্যরা। গোয়েন্দারা জানিয়েছে, আটক আব্দুল্লাহ বাংলাদেশে নিষিদ্ধঘোষিত আনসার উল্লাহ বাংলা টিমের (এবিটি) সদস্য।

ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-এর তথ্যমতে, আব্দুল্লাহ গোপনে ভারতে দলে লোক নিয়োগ প্রক্রিয়ার কাজ করছিলেন। জঙ্গি তৎপরতার জন্য তিনি লোকজনকে নানা সুবিধাও প্রদান করতেন।

আটকের পর সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০১১ সাল থেকে আব্দুল্লাহ উত্তর প্রদেশের দিওবান্দে বসবাস করতেন। তবে গত মাসে তিনি মুজাফ্ফরনগরের কিতসারা এলাকায় বসবাস শুরু করেন। এ সময়ে তিনি ঘন ঘন যাতায়াত করতেন সাহারানপুর ও দেওবন্দে। 

 জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানিয়েছেন, তার প্রধান কাজ ছিল ভুয়া আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট তৈরি করে ভারতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের পুনর্বাসন করা। তার সন্ধান পাওয়ার পর ওই অঞ্চল ও এর আশপাশের বিভিন্ন এলাকায় গুপ্ত অবস্থায় সক্রিয় থাকা আরও জঙ্গির সন্ধানে নেমেছে পুলিশ। এতে নেতৃত্ব দিচ্ছেন সাহারানপুর রেঞ্জের ডিআইজি। তার সঙ্গে আছেন সাহারানপুর, মুজাফফরনগর ও শ্যামলি জেলার পুলিশ।

এনআইএ’র মুখপাত্র অসিম অরুণ পিটিআইকে বলেছেন, আব্দুল্লাহর কাছে নিয়োগপ্রাপ্ত জঙ্গিদের তথ্য রয়েছে। তাদের পরিচয় গোপন রাখতে ভুয়া পাসপোর্টের বন্দোবস্ত এবং গোপন ঘাঁটি নির্ধারণেও কাজ করতেন তিনি।

আটকের সময় আব্দুল্লাহর কাছ থেকে নকল পাসপোর্টসহ ১৩টি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।

আব্দুল্লাহর সঙ্গে আটক অন্য তিনজনকেও জিজ্ঞাসাবাদ করছে এনআইএ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.