সাজিদুল হক-এর কবিতা

0

তুমি কীভাবে এলে জানতেই পারিনি
সাজিদুল হক

দিব্যি দিয়ে বলছি, নিমন্ত্রিত অতিথিদের কেউ নও তুমি
সাত সমুদ্দুর তেরো নদীর জলে ভেসে আসা শ্যাওলা
পয়লা চিহ্ন উহান শহরে…… কোথায় তার শেষ?
ভালোবেসে চন্দ্রাবতীর সন্ধানে!
নির্জলা মিথ্যা বলতেই পারো অভ্যাসবশত করেছো সহস্র প্রাণের সংহার;
পা নেই যে পায়ে চলার পথে আসবে
এ বঙ্গে
উড়োজাহাজের চেকপোস্টে থার্মাল স্ক্যানার
বাতাসও নয় তোমার বাহন
তবু্ও তুমি এলে
আমায় চুমু খেলে
হেমলকের স্বাক্ষর রাঙা ঠোঁটে
তোমার ছলাকলায় যদি জারি হয় একজন কবির মৃত্যু পরোয়ানা
ভাবতে পারছো কিছু?
অপমৃত্যু হবে শব্দের
বৃষ্টি ধোয়া তুলসীপাতার অভিমানে
আমিও ভুলে যাবো কবিতার জন্য বেছে নিয়েছিলাম সন্যাস জীবন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.