মুম্বাই জঙ্গি হামলার মূলচক্রান্তকারী হাফিজ সাঈদকে বৃহস্পতিবার গৃহবন্দি দশা থেকে মুক্তি দিয়েছে পাকিস্তানের আদালত। আর সেই ঘটনায় উৎসবে মাতল ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর শহর।
এই ঘটনা জানাজানির পর তৎপর হয়ে উঠেছে সেখানকার এলাকার পুলিশ। এক আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর সঙ্গে সেখানকার কী যোগাযোগ তা বের করার চেষ্টা হচ্ছে।
শুক্রবার সকালে শিবপুরী এলাকার বেগম বাগ এলাকার একটি সম্প্রদায় এই লস্কর-ই-তৈয়বা জঙ্গির ছাড়া পাওয়ার আনন্দে মেতে ওঠেন। সবুজ পতাকা বাড়িতে লাগিয়ে হাফিজ সাঈদ জিন্দাবাদ স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনা জানাজানির পর সঙ্গে সঙ্গে তা জেলা প্রশাসককে জানানো হয়। জেলা শাসক আকাশদীপ বিজ্ঞপ্তি জারি করলে পুলিশ গিয়ে এলাকা ঘিরে ফেলে।
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। জানা গিয়েছে, ২০-২৫ জন যুবকের একটি দল বেগম বাগ এলাকায় হাফিজ সাঈদের মুক্তির আনন্দে মেতেছে। প্রথমে পুলিশ বিষয়টি গুরুত্ব না দিলেও জেলাশাসকের কাছে অভিযোগ জানানোর পরই নড়েচড়ে বসে।
এই ঘটনার ভিডিও প্রমাণও রয়েছে বলেও জানা গিয়েছে।