আজ শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী

0

আজ (বৃহস্পতিবার) হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী । দশমীতে কৈলাসে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা। আজ সকালে হবে দশমীর বিহিত পূজা। পূজা শেষে হবে দর্পণ। এরপর শোভাযাত্রাসহকারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

বিজয়া দশমী উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

শাস্ত্রমতে, দশমীর দিন সকালেই দেবী দুর্গাকে সিঁদুর, ফুল, ধান ও দূর্বা দিয়ে বরণ করা হয়। নারীরা সিঁদুর পরিয়ে দেন এবং তাকে মিষ্টি প্রদান করেন। এই বরণ পর্বে দেবীকে বিদায় জানানো হয়, যাতে তিনি আবার পরের বছর মর্ত্যলোকে ফিরে আসেন। নারীদের মধ্যে সিঁদুর খেলার আয়োজনও করা হয়, যা বিশেষ আনন্দের মাধ্যমে উদযাপিত হয়। এ সময় নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন।

প্রতিমা বিসর্জন দশমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। দেবী দুর্গার প্রতিমাকে শোভাযাত্রার মাধ্যমে পুকুর অথবা নদীতে নিয়ে যাওয়া হয়। বিসর্জনের সময় ভক্তরা দেবীকে বিদায় জানাতে বিভিন্ন প্রার্থনা ও আরতি করেন। ঢাকের আওয়াজ, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন পর্ব খুবই আবেগঘন, কারণ এটি দেবীর মর্ত্য ত্যাগের প্রতীক। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিসর্জনের পর বিজয়া দশমীর আরেকটি বিশেষ রীতি হলো কোলাকুলি ও মিষ্টিমুখ। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং পরিচিতজনরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং মিষ্টি বিতরণ করেন। এই সময় একে অপরের মঙ্গল কামনা করেন এবং আশীর্বাদ চান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.