ইলিশ মাছের তো অনেক ধরনের রান্না আপনারা খেয়েছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম অতি সিম্পল একটি রেসিপি যা ইলিশ মাছের আসল স্বাদ পেতে হলে খেতে পারেন। কোন রকম মসলা বিহীন খুব সাধারন ভাবে রান্না করা এই ইলিশ মাছের “পানি খোলা” গরম ভাতের সাথে দারুন মজার। এটা গ্রাম বাংলার একটি মজার খাবার। “ইলিশ মাছের পানি খোলা”রেসিপি দিয়ে দিলাম আপনারা রান্না করে খাবেন এবং বলবেন কেমন হলো।
উপকরণ : ইলিশ মাছের টুকরো ৫ টি, পিয়াজ কুচি, ১/ ২কাপ, কাঁচা মরিচ ৮(ফালি করা) টি, লবন স্বাদমতো, সয়াবিন তেল ৩ টেবিল চামচ, পানি ১ কাপ।
প্রণালী :মাছ লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখুন। প্যানে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন। হালকা লাল হলে পানি আর কাঁচা মরিচ দিয়ে দিন পানি বলক আসলে ইলিশ মাছ গুলো দিয়ে দিন ও লবণ এর পর ১০ মিনিটের জন্য মাঝারি আচে রান্না করুন, পানি টেনে অর্ধেক হলে নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে মজাদার” ইলিশ মাছের পানি খোলা”।