Thursday, August 13

করোনা ভাইরাসের টিকা বাসায় নিতে চান খালেদা জিয়া

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। সে অনুযায়ী টিকা নিতে নির্ধারিত তারিখ উল্লেখ করে একটি এসএমএসও পেয়েছেন তিনি।
শারীরিক অবস্থা বিবেচনায় তাকে ঘরের বাইরে নেওয়াটা নিরাপদ মনে করছে না ব্যক্তিগত চিকিৎসকরা। এ জন্য টিকাকেন্দ্র নয় বরং বাসায় এসে টিকা দেয়ার ব্যবস্থা করতে সরকারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে দলটি।

জানা গেছে, বিএনপি চেয়ারপারসন গুলশানের নিজ বাসভবন ফিরোজায় করোনা টিকা নিতে চান । তার চিকিৎসকরাও মনে করছেন, বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। এ অবস্থায় তার বাসার বাইরে যাওয়া কোনোভাবেই নিরাপদ নয়। তাই সরকার যেন তার বাসায় গিয়ে টিকা দেয়ার ব্যবস্থা করে। এ জন্য সরকারের একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া টিকা নেয়ার এসএমএস পেয়েছেন কি না জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন বলেন, এটা তো একটা আনুষ্ঠানিকতা। সেটা এসেছে।

খালেদা জিয়া কবে টিকা নেবেন জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ঈদের আগেই যে কোনো সময় টিকা নিতে পারেন ম্যাডাম। কবে তিনি টিকা নেবেন সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। জানতে চাইলে খালেদা জিয়ার একন্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, এসএমএসে কবে টিকা নেয়ার তারিখ উল্লেখ করা হয়েছে সেটি জানি না। এটি ডা. জাহিদ হোসেন জানেন। তবে, ম্যাডামের চিকিৎসকরা এই মুহূর্তে তাকে বাইরে নেয়া নিরাপদ মনে করছেন না। তারা চাচ্ছেন ম্যাডামকে বাসায় রেখেই টিকা নেয়ার ব্যবস্থা করতে। এ জন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছেন।

তবে কি বাসায়ই টিকা নেবেন খালেদা জিয়া? উত্তরে আব্দুস সাত্তার বলেন, এটা সরকারের ওপর নির্ভর করছে। আমরা চাচ্ছি সরকার যেন তার বাসায় এসে টিকা দেয়ার ব্যবস্থা করে। এখন তারা সেটি না করলে তিনি কেন্দ্রে গিয়ে টিকা নেবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.