Thursday, August 13

করোনা ভাইরাসে দেশে নতুন রেকর্ড: গত ২৪ ঘণ্টায় ২০১ জনের মৃত্যু, শনাক্ত ১১১৬২ জন

0

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ২০১ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৫৯৩ জনে। গত ১১ দিন ধরে করোনায় শতাধিক মৃত্যু দেখছে বাংলাদেশ।

বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১৬২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ১১ হাজার ৫৬৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৬৩৯টি নমুনা। যেখানে শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৩১ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৪০২ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২০১ জনের মধ্যে ষাটোর্ধ ১১৫ জন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন রয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১৯ জন ও মহিলা ৮২ জন। যাদের মধ্যে বাসায় ১২ জন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ২০১ জনের মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ৬৬ জন, ঢাকায় ৫৮ জন, রাজশাহীতে ১৮ জন, রংপুরে ১৪ জন, চট্টগ্রামে ২১ জন, ময়মনসিংহে ৮ জন, সিলেটে ৯ জন, বরিশালে ৭ জন মারা গেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.