কিছু টাকা দিয়ে আমায় সহযোগিতা করুন-চিকিৎসাধীন থাকা শিল্পী আবদুল জব্বার

0

‘যখন লাইফ সাপোর্টে থাকব তখন অনেকে দেখতে আসবেন! মারা গেলে শহীদ মিনারে রাখা লাশে ফুল দেবেন! কিন্তু আমার এসব কিছুর দরকার নেই। আমি আরো কিছুদিন বাঁচতে চাই। আর এজন্য আমার কিছু টাকা দরকার। কিছু টাকা দিয়ে আমায় সহযোগিতা করুন।’ কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমের কাছে কথাগুলো বলছিলেন অসংখ্য কালজয়ী গানের শিল্পী আবদুল জব্বার।

এই মুক্তিযোদ্ধা শিল্পী শরীরে জটিল রোগ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন। তিনি জানান, বর্তমানে তার কিডনির অবস্থা একদমই ভালো নয়। হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে। তাছাড়া কোমরে ভীষণ যন্ত্রণা হচ্ছে। জানা যায়, আবদুল জব্বারের চিকিৎসা করাতে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা প্রয়োজন হতে পারে। আবদুল জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার চিকিৎসাবাবদ ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। বেশ কয়েকজন বিত্তশালীও এগিয়ে এসেছেন। এখনও বাকি মোটা অঙ্কের টাকা। কীভাবে জোগাড় হবে জানি না। তিনি আক্ষেপ করে বলেন, শেষ জীবনে এসে আমার মতো শিল্পীরা অসহায় হয়ে পড়ে। চিকিৎসা করাতে পারে না অর্থাভাবে। বিত্তশালীদের উচিত আমাদের সাহায্যে এগিয়ে আসা।

বিদেশে চিকিৎসা করাবেন কিনা জানতে চাইলে শিল্পী আবদুল জব্বার জানান, তার চিকিৎসার বিষয়ে শিগগিরিই একটি মেডিকেল বোর্ড বসবে। সেখান থেকে ডাক্তারদের মতামত জানার পরে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে এক্ষেত্রে অর্থের বিষয়টিও অনেক বড় বিষয়। তিনি বলেন, যে যা টাকা দিচ্ছে, এখানে চিকিৎসা করাতেই খরচ হয়ে যাচ্ছে। তাই বলা কঠিন, কত টাকা হলে আমার চিকিৎসা শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান শিল্পীর অবস্থা সম্পর্কে মানবজমিনকে জানান, শিল্পী আবদুল জব্বার ক্রনিক কিডনিজ ডিজিস (সিকেডি) স্পেস ফোরে ভুগছেন। ডায়াবেটিস রয়েছে। এ ছাড়া তার লিভারে সমস্যা রয়েছে। তিনি বর্তমানে নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান ডা. শহীদুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এখনও তাকে মুখে ওষুধ দেয়া হচ্ছে। আপাতত তার ডায়ালাইসিসের প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন কামরুল হাসান। উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের সময় আবদুল জব্বার গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই শিল্পীর গাওয়া বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে। তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন। ‘ও রে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য কালজয়ী গান গেয়েছেন শিল্পী আবদুল জব্বার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.