খালেদার চেয়ার ফাঁকা রেখে বিএনপির সমাবেশ শুরু

0

দুর্নীতি মামলায় দণ্ডিত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা রেখেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শুরু করেছে বিএনপির।
আজ রোববার দুপুর ১২টার কিছু সময় পর দলটির সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীদের সম্মিলিত গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। রোববার সকাল থেকেই মিছিল নিয়ে নেতাকর্মীরা জমায়েত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়ছে।

সমাবেশস্থলে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন কয়েকজন কেন্দ্রীয় নেতা। আর সকাল থেকেই জনসভা স্থলে আছেন এই সমাবেশের আয়োজক নেতারা।

সভামঞ্চের পেছনে যে ব্যানার টাঙানো হয়েছে সেখানে জনসভার প্রধান অতিথি হিসেবে লেখা রয়েছে বেগম জিয়ার নাম। যদিও তিনি আজকের সমাবেশে থাকতে পারছেন না। সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রধান বক্তার ভাষণ দেবেন দলটির স্থায়ী কমিটির জৈষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়া স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেবেন। ২০ দলীয় জোটের নেতারাও বক্তব্য দেবেন।
এ জনসভা থেকে দলের ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনা ঘোষণা করার কথা রয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত কয়েক মাস ধরে কারাবন্দি। এরপর থেকে তাঁর মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি। আজকের সমাবেশ থেকেও মূলত খালেদা জিয়ার মুক্তির দাবি করা হবে। সেই সঙ্গে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে তুলে ধরা হবে।

দুপুর ২টা থেকে শুরু হবে নেতাদের বক্তৃতা। জনসভায় অন্তত অর্ধশত নেতা বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জনসভাকে ঘিরে ইতোমধ্যেই ঢাকামহানগরী এবং আশপাশের জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।
‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন,’ ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ লেখা সম্বলিত ব্যানার ফেস্টুনসহ নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.