চট্টগ্রামের চাক্তাইয়ের চালপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

0

চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যের প্রাণকেন্দ্র চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাসহ কয়েকটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আজ রবিবার ভোর রাত পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।

ঘটনার ক্ষয়ক্ষতি এবং কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস ৩ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী ব্যবস্থাপক অুনপম দাশ জানান, ৭ ঘন্টা ব্যাপী অগ্নিকান্ডে তিনটি রাইস মিল, তিনটি ময়দার মিল, নয়টি চালের দোকান পুড়ে গেছে। এতে নগদ টাকা ও চাল পুড়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি আগুন নেভানোর কাজ করছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণ করতে পারায় শতাধিক দোকান ও আরও কয়েকটি কারখানা রক্ষা করা সম্ভব হয়েছে।

নগরীর আগ্রাবদ, নন্দন কানন, বাকলিয়া ফায়ার ষ্টেশনের ৪টি ইউনিটের ১২টি গাড়ি ৭ ঘন্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে।

চট্টগ্রাম আগ্রাবাদ অপারেটর বিশান্তর বড়ুয়া বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। তবে বিপুল পরিমাণ ক্ষতির আশংকা রয়েছে।

ক্ষতিগ্রস্থ স্থানীয় ব্যবসায়ীদের দাবী অগ্নিকান্ডে তাদের ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, আগুনে নগদ টাকা ও চাল পুড়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.