নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ : চন্দনাইশে হেলপারের ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত হয়েছে। টাকা পয়সার বিরোধের জের ধরে গতকাল ২২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাশিমপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আইয়ুব (২৭)। সে হাশিমপুর শিকারীপাড়ার মোহাম্মদ হোসেনের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, রাজমিস্ত্রি মোহাম্মদ আইয়ুব ও তার হেলপার আবু ছৈয়দের মধ্যে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাকা দেয়া-নেয়া নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে মোহাম্মদ আইয়ুব চা খেতে হাশিমপুর রেলস্টেশন এলাকায় একটি চা দোকানে ঢুকলে হেলপার আবু ছৈয়দ রাজমিস্ত্রি মো. আইয়ুবের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় আইয়ুবের নাড়িবুড়ি বেরিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আইয়ুবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নয়ন (২৭) নামে চা দোকানের মালিককে আটক করেছে।
চন্দনাইশ থানার এসআই মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘাতক আবু ছৈয়দকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।