Saturday, August 1

টিউবলাইট নিয়ে বেয়াড়া প্রশ্নে তুখোড় জবাব মাটিনের

0

দুষ্টুমিতে ভরা চোখ, মুখ। সারাক্ষণ চলছে খুনসুটি। টিউবলাইট এর শিশুশিল্পী মাটিন রে টাঙ্গু আসলে এ রকমই। কিন্তু সাংবাদিকের আলটপকা প্রশ্নের জবাব কীভাবে দিতে হয়, তাও যে সে ভালোই জানে, দিন কয়েক আগেই ভরা সাংবাদিক বৈঠকে তা বুঝিয়ে দিয়েছে ছোট্ট মাটিন। আর তার কথায় তখন হেসেই কাহিল সালমান থেকে শুরু করে উপস্থিত সবাই।
ঈদে মুক্তি পাওয়ার কথা সালমান অভিনীত টিউবলাইট। এই ছবিতেই সালমানের সঙ্গে অভিনয় করেছে অরুণাচল প্রদেশের ইটানগরের বাসিন্দা মাটিন। ক্যামেরার সামনে সে যেমন সাবলীল, মুখও চলে পাল্লা দিয়ে। সালমানের সঙ্গেও তার যে দারুণ ভাব, ছবির প্রচারে তারকা অভিনেতার সঙ্গে মাটিনের খুনসুটিতেই তা পরিষ্কার। সম্প্রতি, টিউবলাইট এর সাংবাদিক বৈঠকে হঠাৎই অরুণাচলের বাসিন্দা মাটিনকে এক সাংবাদিক প্রশ্ন করেন, তুমি কি এই প্রথমবার ভারতে এলে?

সাংবাদিকের এমন বেয়াড়া প্রশ্নের যথাযথ জবাবও দিয়েছে ছোট্ট মাটিন। প্রশ্নটি ভালোভাবে বুঝতে না পেরে দুইবার সে প্রশ্নকর্তাকে দিয়ে ফের প্রশ্নটি করায়। মাটিন বোধহয় বুঝতেই পারেনি কেন ভারতের অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশের বাসিন্দা হয়ে, এই প্রশ্ন শুনতে হচ্ছে! তখন পাশে বসা সালমান মাটিনকে বুঝিয়ে দেন, সাংবাদিক ঠিক কি জানতে চাইছেন। এর পরই মাটিন নিজস্ব কায়দায় বলে, আমি তো ভারতেই থাকি, তাহলে আবার ভারতে আসব কেমন করে? ভাবখানা এমন, যেন সাংবাদিকের অবাক প্রশ্ন শুনে দারুণ মজা পেয়েছে সে।

মাটিনের এই জবাব শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। বাদ যাননি সালমান এবং ছবির পরিচালক কবীর খানও। কিন্তু ওই সাংবাদিক ঠিক কী উদ্দেশ্য নিয়ে, জেনে নাকি না জেনেই, ছোট্ট এই অভিনেতাকে এমন প্রশ্ন করলেন, সেই রহস্য অবশ্য জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.