ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সোনালী ব্যাংক শাখার অদক্ষ ব্যবস্থানার কারণে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে আসা হেদো বিবি (৬৫) নামের এক বৃদ্ধা সড়ক দুর্ঘনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান।
রবিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের সোনালী ব্যাংকের বালিয়াডাঙ্গী শাখা অফিসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
হেদো বিবি বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামের ভুলু মোহাম্মদের স্ত্রী।
জানা গেছে, হেদো বিবি সকালে সোনালী ব্যাংকে বয়স্ক ভাতার টাকা উত্তোলন করতে আসে। সেখানে রাস্তা পারাপার হওয়ার সময় ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী উদ্দেশ্যে আসা একটি নছিমন চাপা দিলে বৃদ্ধা গুরুতর আহত হয়। খবর পেয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।