Sunday, November 8

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সাইফুল ইসলাম সভাপতি ও সৈয়দ শুকুর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত

0

ঢাকায় কর্মরত পেশাদার রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বৈশাখী টেলিভিশনের সাইফুল ইসলাম সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সৈয়দ শুকুর আলী (শুভ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মঈন উদ্দিন খান যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গতকাল (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে ডিআরইউ প্রাঙ্গনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
ডিআরইউ নির্বাচনে এবারের ভোটার সংখ্যা ছিল ১৫২১ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ১২৬০ জন।  কার্যনির্বাহী কমিটির ২১টি পদের বিপরীতে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
ভোটের ফলাফল অনুযায়ী ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম। তিনি পেয়েছেন ৬০৭ ভোট। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৪৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আবু দারদা যুবায়ের (এটিএন বাংলা) ও রফিকুল ইসলাম আজাদ (ডেইলি ইনডিপেন্ডেন্ট) ২৯৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শুকুর আলী শুভ। তিনি পেয়েছেন ৫০২ ভোট। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করে ২৭৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মুরসালিন নোমানী (বাসস), শেখ মুহাম্মদ জামাল হোসাইন (দৈনিক বর্তমান) পেয়েছেন ২৫৪ ভোট, শাসছুদ্দীন আহমেদ (ইত্তেফাক) পেয়েছেন ১৫৮ ভোট ও ৫৪ ভোট পেয়েছেন রেজাউল করিম (ফিনান্সিয়াল এক্সপ্রেস)। যুগ্ম সম্পাদক পদে ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের মো. মঈন উদ্দিন খান।সাংগঠনিক সম্পাদক পদে ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম হাসিব (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)। দপ্তর সম্পাদক পদে মো. জেহাদ হোসেন চৌধুরী (সময় নিউজ ডটকম) ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মহসিন হোসেন (বি বার্তা ডটকম)।ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আরাফাত দাড়িয়া (আমার দিন)।
আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন সুমন (সংগ্রাম) ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাওসার আজম (দ্য রিপোর্ট ২৪ ডটকম)। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল কাফি (আমার দিন), মাহমুদা ডলি (আমার দেশ), জান্নাতুল ফেরদৌস পান্না (আমাদের অর্থনীতি), মো. জাফর ইকবাল (সংগ্রাম), আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), কামাল মোশারেফ (বাংলাদেশের খবর) ও এস এম এ কালাম।
এছাড়া পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে আছেন সহসভাপতি পদে গ্যালমান শফি, অর্থ সম্পাদক পদে মানিক মুনতাসির, নারী বিষয়ক সম্পাদক পদে ঝর্ণা মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী।
নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার। সদস্য হিসেবে ছিলেন নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, এটিএন বাংলার প্রধান সম্পাদক ও বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের ও বিএফইউজে সাবেক মহাসচিব এম এ আজিজ। তাদের সহায়তা করেন, দেবাশীষ চক্রবর্তী উত্তম, আমানুর রহমান, এম বদিউজ্জামান ও জিলানী মিলটন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.