দায়িত্বশীল সুনাগরিক গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সুশিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষকরাই তৈরি করতে পারেন একটি সুন্দর ভবিষ্যৎ। যারা পরবর্তীতে দেশপ্রেমিক নাগরিক হয়ে সোনার বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা, ছাত্র-ছাত্রীদের মানবিক বিকাশে সহায়তা করতে পারে। তাই শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় ভিশন ২০২১ বাস্তবায়নের কারিগর তৈরি করতে হবে। নগরীর মোহাম্মদপুরস্থ লাইমলাইট গ্রামার স্কুলের ৩ দিনব্যাপী বিজয় দিবস উদ্যাপন ও বিদ্যালয় প্রতিষ্ঠার
২০ বছর পূর্তি উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক কলিম সরওয়ার এ কথাগুলো বলেন।
জহুর উদ্দিন জহির ও তাহমিনা আকতারের যৌথ উপস্থাপনায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক খুরশিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া আকতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স:প্রা:বি: শিক্ষক সমিতির মহানগর সভাপতি নিপক কুমার লালা, হামজারবাগ স: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা আকতার জাহান, ক্যান্টেনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো: আবুল মুনছুর। বিদ্যালয়ের সাবেক ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন মিনহাজুল আবেদিন সানি, সাকলাইন খুরশিদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন অধ্যাপক আলম আকতার, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যাপক হারুন-অর-রশিদ চৌধুরী, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সদস্য জামাল সাত্তার প্রমুখ।
পরে স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং চ্যানেল আই’র ক্ষুদে গানরাজ ঐশির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।