পহেলা বৈশাখের দিন বখাটে, উত্ত্যক্তকারী ও অপরাধীদের তাৎক্ষণিক বিচারের আওতায় আনতে প্রথমবারের মতো মাঠে ভ্রাম্যমাণ আদালত রাখার উদ্যোগ নিয়েছে র্যাব। আজ শুক্রবার বেলা ১১ টায় রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ উদযাপনের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো র্যাবের পক্ষ থেকেও নিচ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা তথ্য সংগ্রহ করেছি। সব গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
রাজধানীর বাইরেও র্যাব দায়িত্বে থাকবে জানিয়ে তিনি বলেন, র্যাব সব ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াডসহ র্যাবের প্রায় পুরো শক্তি নিয়োগ করা হবে পহেলা বৈশাখের নিরাপত্তায়।