প্রথম পর্বে ঘরের মাঠ অ্যানফিল্ডে ৫-২ গোলে জয় পেয়েছে লিভারপুল। অনেকটা এগিয়ে থেকে আজ রাতে রোমার দূর্গে হানা দেবেন অলরেডসরা। তবে আত্মতুষ্টিতে ভুগছেন না তারা। কারণ ইতালিয়ান এ দলটির কাছে হেরেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে মেসির বার্সেলোনা।
ইউরোপসেরার মঞ্চে এখন পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে লিভারপুল-রোমা। সেই সম্মুখসমরে ৪-১ এগিয়ে ইংলিশ দলটি। স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে থাকার কথা তাদের। গতকাল সকালে জন লেনন বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে উড়াল দেয়ার সময় বেশ খোশমেজাজেই দেখা গেছে অধিনায়ক জর্ডান হেন্ডারসন, সাদিও মানেদের। তবে মোহাম্মদ সালাহকে পুলিশি নিরাপত্তা দিয়ে তোলা হয় বিমানে।
লিভারপুলের এ গোলমেশিনকেই আসন্ন বিপদ হিসেবে চিহ্নিত করছেন রোমার ব্রাজিলীয় গোলকিপার অ্যালিসন বেকার। চ্যাম্পিয়নস লিগে শেষ ৩ ম্যাচে ৪ গোল করেছেন মিসরীয় ফুটবলার। একসময় দুজনে ছিলেন সতীর্থ। কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন রোমার হয়ে। ইতিহাসের অমোঘ নিয়মে আজ তারা প্রতিদ্বন্দ্বী।
অ্যালিসন বলেন, গোলমুখে মেসির মতোই ভয়ঙ্কর সালাহ। সে দুরন্ত প্রতিভা। ওকে আমাদের আটকাতেই হবে। তবে তার পেছনে তিনজনকে না রেখে, আক্রমণাত্মক খেলে ফাইনালে যেতে চাই।