কে.এম.রিয়াজুল ইসলাম,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলার ১টি পৌরসভাসহ ৭টি ইউনিয়নে এখন ধান কাটার ধূম পড়েছে। এখানকার কৃষকের আমন ধানকাটার দৃশ্য এ এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। এবারে কৃষকরা ধানের ফলন যেমন ভালো পাচ্ছেন তেমনি কাঁচাধানের বাজার ও ভাল । তাই স্বস্তিতে আছেন কৃষক।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বেতাগী পৌর এলাকা, সদর ইউনিয়নের ঝোপখালী ,বিবিচিনির দেশান্তরকাঠি, হোসনাবাদ, বুড়ামজুমদার , মিঞার হাট , বাগলের পার গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত ক্ষেতের ধান কাটা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রায় যুগযুগ ধরে এখানকার কৃষকদের এ মৌসুমে আমন ধান চাষ করে আসছে। চলতি বছর এ উপজেলায় ১১ হাজার ২৩৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ১১ হাজার ৩৩৫ হেক্টর।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আমন মৌসুমে উফশী, স্থানীয় বীণা-৭০, কালি জিরা, কাজল শাইল, দুধকলম, মৌলতা, সাদাচিকন, হলদে, কালা, লাল ও মুথামোটা, সাক্করখানা এবং হাইব্রিড ব্রি-১১,২২,২৩,৪০,৪৪,৫২,৬২ এসব জাতের ধানের আবাদ করা হয়। কৃষক জাহাঙ্গীর হোসেন, হাফিজুর রহমান, আব্দুল জব্বার , আব্দুল কাদের জানান, এ মৌসুমে আমন ধান চাষ করে তারা ভাল ফলন পেয়েছে।
এ ব্যাপারে বেতাগী উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইকবাল হোসেন বলেন, আমন মৌসুমে নানা দূর্যোগ দেখা দিলেও প্রাকৃতিক সমস্যা মোকাবেলায় কৃষকরা নিজেরাই ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। ফলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা কেটে গেছে।