বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পৌর এলাকার লাঙ্গী পাড়ায় অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। বুধবার বান্দরবান সদরের লাঙ্গী পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে মোঃ লোকমান হোসেনের বাড়িতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে পাশে থাকা বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। পরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন কিভাবে লেগেছে তারা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে রান্নার চুলা থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে এলাকাবাসী ধারনা করছে। এতে আনুমানিক ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার এস আই, মাজহারুল হক অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।