জনপ্রিয় বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বনানী সোসাইটির বাসায় প্রায় ২ ঘণ্টা র্যাবের অভিযানের পর তাকে আটক করা হয়েছে।
খবর পেয়ে তার বাসায় সামনে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। সবারই ভাবনা তাহলে পরীমণি কি অবশেষে গ্রেফতার হচ্ছেন? যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণির বাসা থেকে এ সময় বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তার বাসায় অভিযান শুরু করে র্যাব-১ ও র্যাব সদর দপ্তরের একাধিক টিম।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।’
র্যাব-১ এর কর্মকর্তা মুজিবুর সাংবাদিকদের বলেন, র্যাব সদর দফতরের একটি গোয়েন্দা টিম মূলত অভিযান পরিচালনা করছে। আমরা সদরদফতরের টিমকে সাপোর্ট দেয়ার জন্য ঘটনাস্থলে এসেছি। মূলত অভিযানস্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করছি আমরা।
জনতাকে সড়ক থেকে সরাতে ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছেন। তারা সড়কে থাকা মানুষদের সরিয়ে দেওয়ার কাজটি করছেন।
র্যাবের বেশির ভাগ সদস্য পরীমনির বাসার নিচে গ্যারেজে অপেক্ষা করছেন। বাসার মূল ফটক লাগিয়ে দিয়ে ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
এর আগে ফেসবুক লাইভে এসে পরীমনি বলেন, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না।’ পরীমনি বলেন, ‘পুলিশ হলে তো দরজা খুলেই দেব। কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না। মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক। আমি লাইভ কাটব না। সবাই দেখুক। সবাইকে দেখায় দেব, এরা কী কী করে।’