Wednesday, August 12

বুকে ব্যথা গ্যাস্ট্রিক নাকি হৃদরোগ বুঝার উপায়

0

মেডিনোভা হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. তৌফিকুর রহমান ফারুক বলেন,হৃদপিণ্ডের রক্তনালির ব্লকজনিত ব্যথা ওপরের পেটে হতে পারে বা গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে ভুল হতে পারে।

হঠাৎ করেই অনেক সময় পেট ব্যথা দেখা দেয়। চাপ নিয়ে কাজ করার ফাঁকেও অনেক সময় এই সমস্যা দেখা দিতে পারে। এই ব্যথাকে আমরা অনেক সময়ই গুরুত্ব দিই না। এটি বিপদের কারণও হতে পারে।

তাছাড়া এ ধরনের ব্যথা শুধু গলার ওপর চাপ চাপ ধরনের হতে পারে, মনে হয় গলায় কিছু আটকে আছে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। এ ছাড়া হৃদপিণ্ডের ব্লকজনিত ব্যথা পিঠের পেছনে হতে পারে, ডান হাত বা বামহাতেও হতে পারে।

গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত বহুদিন ধরে মাঝে মাঝে হয়। কিন্তু হার্টের রক্তনালির ব্লকের কারণে হার্ট-অ্যাটাক হলে ওপরের পেটের ব্যথা প্রথম বারের জন্য বা নতুন ধরনের ব্যথা অনুভূত হলে এবং এর সঙ্গে যদি প্রচুর ঘাম হয় বা বমি বমি ভাব হয় তবে তা হার্ট অ্যাটাকের জন্য হওয়ার আশংকা বেশি।

কোনো রোগীর কোনোদিন পেটে ব্যথা না হলে এবং হঠাৎ করে কোনোদিন পেটে ব্যথা হলে, সঙ্গে প্রচুর ঘাম হলে বা বমি হলে সে ক্ষেত্রে যেহেতু হৃদপিণ্ডের ব্লকজনিত কারণে হওয়ার আশংকা বেশি, সে ক্ষেত্রে অতিসত্ত্বর নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে ইসিজি বা রক্ত পরীক্ষা যেমন কার্ডিয়াক ট্রপোনিন আই পরীক্ষাটি করিয়ে নেওয়া উচিত।

আর হৃদপিণ্ডের রক্তনালিতে ব্লকজনিত বুকে ব্যথা সাধারণত বুকের মাঝখানে হয়। পরিশ্রম করলে বাড়ে, বিশ্রাম নিলে কমে, নাইট্রেট জাতীয় ওষুধ জিহ্বার নিচে দিলে বা জিহ্বার নিচে স্প্রে করলে কমে।

বুকের ব্যথা বাম হাতের ভেতরের দিক দিয়ে নিচের দিকে নামে, বুকে ব্যথার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ঘাম হতে পারে।পরিশ্রমের সময় বুকে ব্যথা হলে তা হৃদপিণ্ডের রক্তনালিতে ব্লকজনিত কারণে হতে পারে বিধায় অতিসত্বর হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, ইটিটি এবং অন্য পরীক্ষা যেমন- করোনারী এনজিওগ্রাম করতে পারেন।হৃদপিণ্ডের রক্তনালিতে ব্লকজনিত কারণে বুকে ব্যথা হলে ইসিজি স্বাভাবিক থাকতে পারে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.