চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বার্ণ ইউনিট চালু হতে যাচ্ছে। নতুন এই চালু হতে যাওয়া বার্ণ ইউনিটের আর্থিক সহায়তায় এগিয়ে এসেছে বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের হাতে ২৭ আগস্ট রবিবার দুপুরে নতুন চালু হতে যাওয়া এই বার্ণ ইউনিটের আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক তুলে দেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল কাদের জোদ্দার। এই বার্ণ ইউনিটটি হবে ১০ শয্যা বিশিষ্ট। নতুন এই ইউনিটের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি নার্স, আয়াসহ অতিরিক্ত জনবল নিয়োগ করা হবে।
চেক গ্রহনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কর্পোরেশন তার রুটিন কার্যক্রমের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা সেবা কার্যক্রমে বিশেষ অগ্রাধিকার দিয়ে আর্থিক বরাদ্দ দিয়ে যাচ্ছে। যা দেশের অপরাপর কর্পোরেশনের ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। চট্টগ্রামে সরকারিভাবে বড় হাসপাতাল আছে মাত্র দুইটি। এই দুইটি হাসপাতালের মধ্যে ১টি হলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
অপরটি হলো চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। এ দুইটি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বার্ণ ইউনিট চালু থাকলেও এ চিকিৎসাসেবার পরিধি অতো ব্যাপক নয়। এ দুইটি সরকারি হাসপাতাল দিয়ে বৃহত্তর চট্টগ্রামসহ নগরীর ৬০ লাখ মানুষের চিকিৎসাসেবা প্রদান করা বেশ দুরূহ। তাই নগরবাসীর বৃহত্তর স্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই প্রয়াস।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০০৯ এর কর্পোরেশন ম্যানুয়েল বা অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। কর্পোরেশন প্রতি বছর শিক্ষা-স্বাস্থ্য সেবা খাতে ৫৬ কোটি টাকা ব্যয় করে। চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানে ৫৯টি। কর্পোরেশন পরিচালিত আরো একটি হাসপাতালকে জেনারেল হাসপাতালে উন্নীত করা হচ্ছে মেয়র উল্লেখ করেন।
সিটি মেয়র খুব শিঘ্রই কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে কিডনির জটিল রোগে আক্রান্ত রোগীদের জন্য নামমাত্র মূল্যে কিডনি ডাইলোসিসের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান। তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্যসেবা কার্যক্রমে নগরবাসীর থেকে কোন প্রকার অতিরিক্ত কর নেয়া হয় না বলে ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাদেরকে অবহিত করেন।
চেক গ্রহনকালে চসিকের কাউন্সিলর ও স্বাস্থ্য-শিক্ষা ষ্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক, গোসাইল ডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল হক, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী আকতার আসিফ, কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রীতি বড়–য়া, মোহাম্মদ আলী, আশীষ মুখার্জী, ব্র্যাক ব্যাংকের ব্রা ম্যানেজার আহমেদ সিদ্দিক খালেদ, মেহেদী হাসান চৌধুরী, আবুল কাসেম, শেখ নাবিদুর রহমান, জামসেদ আহমেদ চৌধুরী, আবদুর রহিম সোহেল, রিজিউনাল ম্যানেজার (কর্পোরেট) খান মো. ইসতিয়াক প্রমুখ উপস্থিত ছিলেন।