যুক্তরাষ্ট্রকে মাঠ পর্যায় থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ফিনান্সিয়াল টাইমস একে ওয়াশিংটনের প্রতি পাকিস্তানি সামরিক-সহযোগিতা স্থগিতের প্রাথমিক ইঙ্গিত আখ্যা দিয়েছে। এতে আফগানিস্তানে চলমান মার্কিন যুদ্ধ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আভাস দিয়েছে ওই সংবাদমাধ্যম।
নববর্ষের দিন ভোরে ট্ইুটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে পাকিস্তানকে সামরিক সহায়তা বন্ধের হুমকি দেন। পরে পররাষ্ট্র দফতর থেকে সেই সাহায্য বন্ধের ঘোষণা আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের গোপন বৈঠক চলমান থাকার খবর দেওয়া হলেও, ইসলামাবাদের কর্মকর্তারা গোয়েন্দা তথ্য বিনিময় বন্ধ করে দেওয়ার কথা জানালেন।
পাকিস্তান আফগান সীমান্তবর্তী অঞ্চল থেকে সংগৃহীত গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে সামরিক সহযোগিতা দিয়ে আসছিলো।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগীর খান চলতি সপ্তাহে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সবধরণের সামরিক ও প্রতিরক্ষামুলক সম্পর্ক স্থগিত করা হয়েছে।
তবে এর বিস্তারিত সম্পর্কে তিনি সেসময় কিছুই জানান নি। শুক্রবার ফিনান্সিয়াল টাইমসকে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, তারা সহযোগিতা দেওয়া বন্ধ করেছেন।