মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৭০ জনেরও বেশি লোক আহত হন। স্থানীয় সময় রোববার সকাল সাড়ে সাতটায় দেশটির দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের চার্লস্টন হাইওয়ে-পাইন রিডজ রোডে একটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। যাত্রীবাহী ট্রেনটিতে ১৩৯ জন যাত্রী এবং আট জন রেলকর্মী ছিলেন।
এক সংবাদ সম্মেলনে কাউন্টি মুখপাত্র হ্যারিসন ক্যাহিল জানান, এ দুর্ঘটনায় আহত ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের অনেকের হাত ও পায়ের হাড় ভেঙে গেছে। তবে, তাদের জীবন আশঙ্কাজনক নয়।
এদিকে, ট্রেনের এক যাত্রী জানান, তিনি স্লিপার কেবিনে ফিলাডেলফিয়া থেকে অরল্যান্ডো যাচ্ছিলেন। সংঘর্ষের পর তার ঘুম ভেঙে যায়। রেলকর্মীরা দ্রুততম সময়ের ট্রেন থেকে যাত্রীদের সরিয়ে নেন। রেডক্রস-কর্মীরা জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। তথ্য সূত্র: সিএনএন