নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাণীনগর থানাপুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে এলাকার আলোচিত তিন মাদক ব্যবসায়ীকে হেরোইন সহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চকাদিন গ্রামের বুলবুলি সুলতানা বুলি (৩২), পশ্চিম বালুভরা গ্রামের মুসলিম উদ্দীনের ছেলে তুশার হোসেন (৩০) ও কুজাইল গ্রামের ছবির উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ওরফে রুবেল (৪৬)।
পুলিশ জানান, রবিবার রাতে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি টহল দল উপজেলার চকাদিন গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী বুলবুলি সুলতানা বুলিকে দুই গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। বুলবুলি এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল এবং সম্প্রতি মাদক মামলায় জেল থেকে জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পরে।
অপরদিকে রাণীনগর থানার এসআই তরিকুল ইসলাম রবিবার দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা গ্রাম থেকে তুশার হোসেনকে ৩ শ’ ৭২ পুরিয়া এবং ওই দিন রাতে উপজেলার নগর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দীন ওরফে রুবেলকে ৯৫ পুরিয়া হেরোইন সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তুশারের বিরুদ্ধে রাণীনগর, আত্রাই, জয়পুরহাট সহ বেশ কয়েকটি থানায় মাদক মামলা রয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।