মোবাইল ফোনের বিকল্প হিসেবে এখন কোনও কিছুকেই ভাবার সুযোগ নেই। তবে এই যন্ত্রটি যদি হয় কারও অস্বস্তির কারণ! হ্যাঁ, সেটাকেও টপকে যাওয়ার ব্যাপার রয়েছে। তারই যেন এক চিত্র দেখা গেল ভারতে।
মোবাইল রেডিয়েশন ছড়ায়। বেশিক্ষণ মোবাইলে কথা বললে ক্যানসার হতে পারে বলে গবেষণায় তথ্য পাওয়া গেছে। কিন্তু মোবাইল ছাড়া যে জীবন অচল। তাই অভিনব পরিকল্পনা ফেঁদে ফেললেন দেশটির কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকর।
কিছুদিন আগে পর্যন্ত কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ছিলেন প্রকাশ। শুক্রবার সংসদে ঢোকার আগে জাওড়েকরকে দেখে চমকে যান সকলে। লাল রংয়ের মোবাইলের সঙ্গে বেগুনি রংয়ের ওটা কী লাগানো? হাসতে হাসতে মন্ত্রীই জানালেন, ওটা ল্যান্ড ফোনের রিসিভার।
সংবাদ মাধ্যম আজকাল বলছে, এখনও পর্যন্ত ভারতে এমনটা কেউ দেখেনি। লাঙল গিয়ে ট্যাক্টর এসেছে। গ্রামাঞ্চলে লাঙল কিন্তু উঠে যায়নি। তবে মোবাইল আসার পরে রিসিভারের যুগ শেষ হয়ে গিয়েছিল বলে মনে করা হয়েছিল। জাওড়েকরের হাত ধরে ফিরল মোবাইল–রিসিভার।
রিসিভার কানে জাওড়েকরের সেই ছবি মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। তবে এই মোবাইলে রিসিভার লাগানো অবস্থায় কথা বলা যাচ্ছে কিনা তো খোলসা করেননি মন্ত্রী। কোথায় এমন জিনিস পেলেন, এমন প্রশ্নও এড়িয়ে গিয়েছেন জাওড়েকর।