Thursday, November 5

হাতীবান্ধায় বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর খবর

0

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত শফিকুল হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

এলাকাবাসী বলেছে, আজ ভোরে শফিকুলসহ কয়েকজন দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর পিলারের কাছে গেলে বিএসএফের টহলদলের সদস্যরা তাদের গুলি করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও শফিকুল ঘটনাস্থলেই মারা যান। লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সাবু বলেন, দৈখাওয়া সীমান্ত এলাকায় শনিবার ভোরে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশির গরু বিক্রেতার মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে দৈখাওয়া বিওপি ক্যাম্পের কমান্ডার শংকর চন্দ্র দে বলেন, বাংলাদেশি শফিকুল জুয়া খেলার কথা বলে রাতে বাড়ি থেকে বের হয়ে যান। তাকে এখন আর পাওয়া যাচ্ছে না।

তিনি আরো বলেন, ভোরে সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে। একটি লাশও সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে পড়ে ছিল।

তবে সকাল ৯টার দিকে লাশটি সীমান্ত থেকে ভারতের আড়াই গজ ভেতরে নিয়ে গেছে বিএসএফ। লাশটি বাংলাদেশি শফিকুলের কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, সীমান্তে একজনের নিহতের খবর জানা গেছে। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.