Tuesday, September 1

অধিনায়ক হিসেবে আমার লক্ষ্য ভারতকে হারানো: সরফরাজ

0

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দলের মধ্যকার ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। ম্যাচের পরতে পরতে উত্তেজনা বিরাজ করে। দর্শকে ঠাসা থাকে স্টেডিয়াম। কিন্তু সীমান্ত সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলা হচ্ছে না উভয় দেশের। শুধু মাত্র আইসিসির ইভেন্টে দেখা হয় দুই দেশের।

এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। আগামী ১৬ জুলাই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘সমর্থকরা বিশ্বকাপে যেকোনো পরাজয়ে ক্ষমা করে দেবে, তবে অবশ্যই ভারতের বিপক্ষে জিততে হবে। সীমানার ওপারে ভারতের চিত্রটাও একই। অধিনায়ক হিসেবে আমিও সে ম্যাচটা জিততে চাই। তবে একই সঙ্গে টুর্নামেন্টের সব দলের বিপক্ষেই সমান মনোযোগী থাকবো আমরা। অবশ্যই ভারতকে হারানোর জন্য খেলবো, সঙ্গে বাকিদেরও ছাড় দেয়া হবে না।’
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

বিশ্বকাপ নিয়ে সরফরাজ বলেন, ‘কোনো পরিস্থিতিতেই বিশ্বকাপ ফাইনাল খেলা সহজ কাজ নয়। আমি মনে করি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত এবং পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে। এরপর আমরা এমন কিছু করার চেষ্টা করবো যা দেশের মানুষ আজীবন মনে রাখবে।’

সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সরফরাজ বলেন, ‘আমরা নিশ্চিতভাবেই ইংল্যান্ডে বাড়তি সুবিধা পাবো। বিশ্বকাপের জন্য আমরা প্রায় এক মাস আগে ইংল্যান্ডে যাচ্ছি। এছাড়াও গত তিন বছরে আমরা টানা সে দেশে সফর করেছি। এবার চতুর্থ বছরে যাচ্ছি। আমাদের খেলোয়াড়রা সহজেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে যেটা আমাদের বাড়তি সুবিধা দেবে।’

প্রসঙ্গত, আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাঠে খেলায় আবহাওয়া এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবে পাকিস্তান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.