Wednesday, August 19

অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়!

0

জিহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সাথে অনলাইন ভার্চুয়াল মিটিং প্লাটফর্ম জুমের মাধ্যমে এক সভায় মিলিত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় তাঁর বাসভবন থেকে এ সভার আয়োজন করা হয়।

সভায় শিক্ষার্থীদের করোনার ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস করতে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ এবং প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এ সভায় সংযুক্ত ছিলেন।

সভায় করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়ে করণীয় নির্ধারণ ও কর্মপরিকল্পনা গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।ডিনবৃন্দ সভায় জানান, গ্রীষ্মকালীন ছুটি শেষে যদি বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু করা যায়, তাহলে শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট সেমিস্টার/বার্ষিক পদ্ধতির কোর্সসমূহের অতিরিক্ত ক্লাস ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করে এই অনির্ধারিত ছুটির কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

তবে উদ্ভূত পরিস্থিতিতে যদি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ দীর্ঘসময় বন্ধ রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার বিষয়টি সভায় আলোচিত হয়। সেই সম্ভাব্যতাকে মাথায় রেখে সংশ্লিষ্ট অবকাঠামো ও প্রযুক্তিগত বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচিত করার প্রয়োজনীতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এবিষয়ে, ডিনবৃন্দ নিজ নিজ অনুষদের বিভাগসমূহের সাথে সমন্বয় করে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করবেন এবং প্রযুক্তিগত সুবিধাদির মধ্যে প্রবেশাধিকারের বিষয়টি নিশ্চিত করার পরে এতদসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.